কাজী মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘ ৮ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু সাম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি বাফুফের অর্থ দিয়ে ঘরের বাজারও করেন। তবে এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সালাউদ্দিন।
বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অভিযোগ এসেছে এ ব্যাপারে আপনারা অনুসন্ধান করুণ। যদি কিছু বের করতে পারেন আমি জেলে যেতেও প্রস্তুত। আর যদি প্রমাণ করতে না পারেন তবে এমন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আপনাদের মাফ চাইতে হবে।’
সংবাদ সম্মেলনে অভিযোগকারীদের এক হাত নিয়েছেন সালাউদ্দিন, ‘আপনারা বলেছেন আমি চোর। বাফুফের টাকায় ঘরের বাজার করি। আপনারা কি ভেবেছেন আপনাদের গালির উত্তরে আমি গালি দিতে জানি না। আমিও ফুটবল খেলেছি। গালি আমিও জানি। তবে আমি ভদ্র পরিবার থেকে এসেছি। তাই আমার ভেতর ভদ্রতা রয়েছে।’
নিজের ব্যাকগ্রাউন্ড তুলে ধরে সালাউদ্দিন বলেছেন, ‘সবার মনে রাখা উচিত, আমি কেমন পরিবার থেকে এসেছি। আমাদের পরিবার থেকে আমি ও আমার শ্রদ্ধেয় চাচা স্বাধীনতা পুরস্কার পেয়েছি। আমি পেয়েছি ফুটবলে, আমার চাচা বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা, খেলেছি স্বাধীন বাংলা ফুটবল দলে। জাতীয় ফুটবল দলের অধিনায়কত্বের আর্মব্যন্ডও আমার হাতে উঠেছে। বর্তমানে আমি সাফের প্রেসিডেন্ট।’
আগামী ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমি সবাইকে আগামী ৩০ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আশাকরি এ সময় সবাই উপস্থিত থাকবেন।’


