ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদ ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কর্মবিরতি শুরু হলেও শনিবার সকাল থেকে পুরোদমে কর্মবিরতি ও ধর্মঘট চলছে।
এদিকে কর্মবিরতি ও অনির্দিষ্টাকালের ধর্মঘট কর্মসূচি সফল করতে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
সমাবেশে পরিষদের সভাপতি ডা. মাহমুদুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসক সুমন আলী হীরা বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে হোষ্টেলে ফেরার পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় হীরাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি ক্যাম্পাসে ছিনতাই ও চুরির এ রকম সাতটি ঘটনা ঘটেছে দাবি করে ডা. রিফাদ বলেন, ছিনতাই চুরির ঘটনায় নিরাপত্তা চেয়ে বিভিন্ন সময় হাসপাতালের পরিচালককে একাধিবার জানানো হয়েছিল। কিন্তু কাজ হয়নি। তাই কর্মবিরতি পালন ও অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় পরিষদের নেতারা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার হুশিয়ারী দেন।
পরে সমাবেশ শেষে হাসপাতাল পরিচালক ও জেলা পুলিশ সুপারের মাধ্যমে আইজিপি বরাবরে স্বারকলিপি প্রদান করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা।
এদিকে ছিনতাই ও মারধরের এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক আ.স.ম বরকতুল্লাহ বলেন, ছিনতাইয়ের ঘটনাসহ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।


