ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা বলেছেন, নারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অবশ্যই বিচার হওয়া উচিত।
রোববার দুপুরে আমেরিকান ক্লাবে চার দেশের ছায়া রাষ্ট্রদূত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
তরুণ নারীদের মধ্যে নেতৃত্ব বিকাশে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, নেদারল্যান্ডস ও ডেনমার্ক দূতাবাস এক দিনের জন্য বাংলাদেশের একজন করে তরুণীকে ছায়া রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে।
গত পয়লা বৈশাখে যৌন নিপীড়ন এবং কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিষয়ে জানতে চাইলে লিওনি কুলেনারা বলেন, কোনো দেশ যৌন নিপীড়ককে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দিতে পারে না।
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন বন্ধের জন্য যথাযথ তদন্ত ও স্বচ্ছ বিচারের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিচারের পাশাপাশি এ বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টি জরুরি।


