বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচনে প্রভাব পড়ুক চায় না আ’লীগ

ashraf_jugantor_9646চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো ধরণের প্রভাব পড়ুক আওয়ামী লীগ তা চায় না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি একথা বলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপের প্রাণহানির বিষয়ে জানতে চাইলে আশরাফ বলেন, পুরো নির্বাচন শেষ হলে আমরা দলের পক্ষ থেকে প্রতিবেদন দেব। এখন যেহেতু নির্বাচন চলমান তাই, নির্বাচনের উপর কোনো ধরণের প্রভাব পড়ুক সেটি আমরা চাই না।

এর আগে সৈয়দ আশরাফের সভাপতিত্বে আওয়ামী লীগের আসন্ন ২০ তম জাতীয় সম্মেলন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন, কয়জনের কমিটি হবে, সেটি এখন জানার কোন সুযোগ নেই। সেটি কাউন্সিলেই জানা যাবে, সেখানেই নেতা নির্বাচিত হবে।

আশরাফ বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন তো বিরাট ব্যাপার। আওয়ামী লীগের সম্মেলন মানেই বাংলাদেশের অস্তীত্ব। আওয়ামী লীগের সম্মেলন মানেই ইতিহাস। অতীতে আওয়ামী লীগের সম্মেলনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়নও হয়েছে। আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত থেকেই বাংলাদেশ স্বাধীনতার সিদ্ধান্ত হয়েছে, রাষ্ট্রভাষা বাংলা করার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, এবারও উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে। সেখান থেকে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ বিষয়ে জনমুখী সিদ্ধান্তও নেয়া হতে পারে।

এর আগে আগামী ১০ ও ১১ জুলাইয়ের সম্মেলনের জন্য দলীয় সভাপতি শেখ হাসিনাকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির সকল নেতাই এ কমিটির সদস্য। এছাড়াও আরও ১১টি উপকমিটি করা হয়েছে।

আরও পড়ুন