গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মেয়রের বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগমী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের যুগ্ম-বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে অধ্যাপক মান্নানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
গত বছরের ১৯ আগস্ট নাশকতার মামলায় কারাবন্দি মান্নানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মান্নানকে একই বছরের ১১ ফেব্রুয়ারি তার ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।


