পহেলা বৈশাখ এলেই নারীদের সাজগোজ নিয়ে চিন্তার শেষ থাকে না। কী শাড়ি পড়বেন, কেমন সাজগোজ করবেন, আবার খোপায় কি ফুল দেবেন, কি রঙের টিপ পরবেন এই নিয়ে যত চিন্তা। তারপর হাত ভরে চুড়ি পরবেন আরো কত কি। পহেলা বৈশাখে লাল-সাদা শাড়ির সাথে স্নিগ্ধ সাজেই বেশি মানায় রমনীদের। তাই চলুন স্নিগ্ধ সাজে কিভাবে তাড়াতাড়ি নিজেকে তৈরি করবেন দেখে নেয়া যাক-
মেকআপ
প্রচণ্ড গরম আর রোদের তাপে মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকে। বৈশাখী সাজে মেকআপ ঠিক রাখতে বেছে নিতে পারেন হাল্কা বেইজের কিছু। তাই বেছে নিন অয়েল ফ্রি বা ওয়াটার প্রুফ মেকআপ। তবে তা অবশ্যই স্বাভাবিক মানের হওয়া চাই।
চোখের সাজ
চোখে লাগাতে পারেন হাল্কা আই শ্যাডো আর মাশকারা। এ ক্ষেত্রে কাজল, আই লাইনার বা মাশকারা অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে। চোখের চারদিকে ছড়িয়ে পড়া এড়াতে কাজল দেয়ার পর হাল্কা একটু পাউডার দিয়ে নেবেন। তাতে আর কাজল ছড়ানোর ভয় থাকবে না।
ঠোঁটের সাজ
বৈশাখের সাজে অবশ্য গাঢ় লাল রঙের লিপস্টিক বেশি ব্যবহার হয়ে থাকে। কেননা, এইদিন সাজ পোশাকে থাকে লাল রঙের ছোয়া। অন্যদিকে হালকা রঙের লিপস্টিকও ব্যবহার করতে পারেন। তবে রঙটা যেন অবশ্যই আপনার পোশাকের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
কপালের সাজ
কপালে ছোট বা বড় লাল টিপই বেশি মানাবে। অন্য রঙের টিপও ব্যাবহার করতে পারেন, সেক্ষেত্রে এখানেও পোশাকের রঙের সাথে মিল রাখা বিষয়টি মাথায় রাখতে হবে। টিপ বাছাইয়ের ক্ষেত্রে অবশ্য গাঢ় রঙটাই অত্যাবশ্যকীয়।
চুলের সাজ
বড় চুলের সাজে করতে পারেন খোঁপা বা বেণী। শাড়ি বা সালওয়ার কামিজ যাই পরুন না কেন, চুলে খোঁপা বা বেণী দুটোই ভালো মানায়। খোপায় দিতে পারেন দেশি ফুলের মালা। মানানসই কাটে মাঝারি বা ছোট চুল ছেড়ে দিলেও ভালো মানায়। মাথায় দিতে পারেন ফুলের তাজ। উৎসবের এই দিনকে আরও বেশি মোহনীয়তা দিতে মাথায় ফুলের তাজের তুলনা হয় না।


