প্রাথমিকের বৃত্তির ফল ১৯ এপ্রিল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবেন।
বিষয়টি নিশ্চিত করে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণ বেড়েছে।
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হতো। ২০১০ সালে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা চালুর পর এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এতদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে প্রাথমিকে বৃত্তি দেওয়া হলেও এবার ৮২ হাজার ৫০০ জনকে এই বৃত্তি দেওয়া হবে।
“এতদিন ২২ হাজার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৩৩ হাজার সাধারণ বৃত্তি পেলেও এবার ৩৩ হাজার জনকে ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।”
বৃত্তির অর্থের পরিমাণও এবার থেকে বাড়ছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, আগে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ২০০ টাকা করে দেওয়া হলেও এবার থেকে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হবে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পান।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছর ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকের বৃত্তির ফল ঘোষণা করা হলেও এবার সংখ্যা ও অর্থ বাড়ানোর প্রক্রিয়াগত কারণে তা প্রকাশ করতে দেরি হচ্ছে।
বৃত্তির সংখ্যা ও বর্ধিত অর্থ বিতরণে প্রাথমিকের বৃত্তি নীতিমালাও সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ৩১ ডিসেম্বর প্রাথমিক সমপানীর ফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হয়েছে ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন।


