আজ পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈশাখী মেলার পাশাপাশি ঢাকার বিভিন্ন খেলার মাঠ ও ক্যাম্পাসে গান পরিবেশন করছেন জনপ্রিয় শিল্পীরা।
কনসার্টের আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি বড় মাঠে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এবং বৈশাখী টেলিভিশন ও ক্লাব ইলেভেন ইনসেপশন বৈশাখী কনসার্টের আয়োজন করেছে ধানমন্ডির শেখ জামাল মাঠে। এতে সকাল থেকে বিকেল পর্যন্ত গান পরিবেশনের কথা জেমস, শিরোনামহীন, ভাইকিংস, ফকির শাহাবুদ্দিন, শফি মণ্ডল, দিঠি, আশিক, রন্টি দাস, শাহীন, মনিরসহ এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের। কনসার্টটি সরাসরি সম্প্রচার করছে বৈশাখী টেলিভিশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘মোজো বৈশাখী কনসার্ট লাইভ’ সকাল আটটা থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে বাংলাভিশনে। এই কনসার্টে গান করবেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, হৃদয় খান, মিলা, চিরকুট, ইনসাইড ইউ। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ধানমন্ডির আবাহনী মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ‘মাছরাঙার কনসার্ট’। কনসার্টে গান করবে এলআরবি, ফিডব্যাক ও দলছুট। আরও থাকবে বাউল এক্সপ্রেসের গান।
এ ছাড়া রাজধানীর রমনার জামতলা থেকে সকাল সাড়ে নয়টায় প্রচারিত হচ্ছে ‘বৈশাখী উৎসব’। এখানে গান করার কথা জেমস, সোলস ও ফিডব্যাকের। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।
প্রতিবছরের মতো এবারও রাজধানীর রমনার বটমূলে নতুন বছরকে বরণ করেছে ছায়ানট। সকাল সোয়া ছয়টা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।
চ্যানেল আই ও সুরের ধারা যৌথভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সহস্র কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এতে সুরের ধারার নিয়মিত শিল্পী ছাড়াও বরেণ্য শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরান ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা মহাকবি কালিদাস রচিত ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটকটি মঞ্চস্থ করবে কেন্দ্রীয় মিলনায়তনে।
সকাল নয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। এতে নৃত্য পরিবেশন করেন নৃত্যজন ও নটরাজ। সাংস্কৃতিক পরিবেশনা করে মৈত্রী শিশুদল, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, ছোলামাইদ উচ্চবিদ্যালয় এবং বাউলগান পরিবেশন করেন বাউল সোনিয়া ও তাঁর দল।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাস থেকে সকাল আটটায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বিসিক ও বাংলা একাডেমি আয়োজিত বৈশাখী মেলা ১৪২৩ উদ্বোধন করা হবে বেলা ৩টা ৪৫ মিনিটে। সন্ধ্যায় আয়োজিত হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
নিউ ইস্কাটনের গ্র্যান্ড টেরাস হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা আয়োজন করেছেন বর্ষবরণের নানা অনুষ্ঠানের। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অনুষ্ঠান চলছে।
হিন্দোল সংগীত একাডেমি বেইলি রোডের সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে বেলা তিনটায়।
‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন। এটি শুরু হয়েছে সকাল নয়টায় এবং চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
নজরুল ইনস্টিটিউট নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজন করেছে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধানমন্ডির কবি ভবনে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির।
দিনব্যাপী গুলশানের সাউথ পার্কে (ড. ফজলে রাব্বি পার্ক) নববর্ষ উদ্যাপনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল আটটা থেকেই ধানমন্ডি লেকের পাড়ে (৩ নম্বর সেক্টর, ১২ /এ রোড-সংলগ্ন) ‘এসো হে বৈশাখ’ শিরোনামে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করে সারগাম ললিতকলা একাডেমি। ঝলক সমাজকল্যাণ সংসদ বেলা সাড়ে ১১টা থেকে বাসাবো বটতলায় আয়োজন করে নানা ধরনের অনুষ্ঠানের। বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি বিকেল সাড়ে চারটায় আছে সাংস্কৃতিক পরিবেশনা।
মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ-সংলগ্ন বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউট ক্যাম্পাসে নববর্ষ উদযাপন করা হবে আগামীকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল সোয়া চারটায়।
পয়লা বৈশাখে বনানী গুলশানের বিভিন্ন ফুডকোর্টের পাশাপাশি হোটেল সোনারগাঁও, রেডিসন, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সিসহ হোটেল-রেস্টুরেন্টগুলোর উদ্যোগেও উদযাপিত হচ্ছে নতুন বছরের উৎসব। এ ছাড়া ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, উত্তরা ক্লাবের উদ্যোগে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। ঢাকার অদূরে থিমপার্কগুলোতেও করা হয়েছে নানা বৈশাখী আয়োজন।
বৈশাখী কনসার্ট মাতাবেন জেমস ও আইয়ুব বাচ্চু
বৈশাখ মানেই নগরব্যাপী জমজমাট কনসার্ট। শ্রোতাদের সাথে বৈশাখের আনন্দ ভাগাভাগি করে নিতে আইয়ুব বাচ্চু থেকে জেমস কোনো তারকাই বাদ যান না এমন আয়োজন থেকে। দুপুর থেকে রাত পর্যন্ত চলে সেসব কনসার্ট। এবার পহেলা বৈশাখে তেমনই দুটি কনসার্টের একটি দুপুরে দেখা মিলবে নগর বাউল খ্যাত জেমসের, আর বিকেলে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর।
বরাবরের মতো এবারও পহেলা বৈশাখে ধানমন্ডির আবাহনী মাঠে রয়েছে তারকাবহুল এক কনসার্ট। এতে প্রধান আকর্ষণ ব্যান্ড এলআরবি। যার ভোকাল আইয়ুব বাচ্চু মঞ্চে উঠবেন শেষ বিকেলে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন। এলআরবির পাশাপাশি কনসার্টে আরও অংশ নিবে ফিডব্যাক, দলছুট, ‘বাউল এক্সপ্রেস’ ও ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা শিল্পীদের নিয়ে গঠিত গানের দল। মাছরাঙা টেলিভিশনে পুরো আয়োজনটি সরাসরি প্রচার করবে।
পহেলা বৈশাখে ধানমন্ডির শেখ জামাল মাঠেও থাকছে ‘রাঙানো বৈশাখ’ নামের আয়োজন। এতে মূল আকর্ষণ নগর বাউল জেমস। শ্রোতাদের গান শোনাতে জেমস মঞ্চে উঠবেন দুপুর ৩টায়। কনসার্টে আরও অংশ নিবেন আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াংকা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ভাইকিংস ব্যান্ড। দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এতে থাকছে দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত বিভিন্ন অনুষঙ্গ যেমন- লাঠিখেলা, বায়োস্কোপ, পাতা খেলা, বৈশাখী মেলা, বাঁদর নাচ প্রভৃতি। অনুষ্ঠান শুরু হবে ভোর সাড়ে ৬টায়, চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এর আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দিনব্যাপী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।


