মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় একই দলের বিজয়ী প্রার্থীর পাঁচ সমর্থক গুলিবিদ্ধসহ আহত হয়েছে অর্ধশত। এ সময় ১০টি বাড়ি ভাংচুর করা হয়।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) এবং সাইফুল ইসলাম (৩১) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে মস্তফাপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন কুদ্দুস মল্লিক। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন একই দলের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খান । নির্বাচনে ৩৫০ ভোটের ব্যবধানে হেরে যান সোহরাব।
তবে ফল ঘোষণার পর থেকেই সোহরাব অভিযোগ করে আসছেন, আওয়ামী লীগ প্রার্থী কুদ্দুস মল্লিক জাল ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন।
সোহরাবের অভিযোগের তার সমর্থকরা অব্যাহতভাবে কুদ্দুসের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে আসছে। তবে শুক্রবারই তারা সংঘবদ্ধভাবে বড়সর হামলা চালায়।
ঘটনা সত্যতা স্বীকার করে মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


