রাজধানীর বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাঈদ হোসেন (৩০) নামে এক এক বিক্রয়কর্মীর মৃত্যু হয়েছে। তিনি নবাবপুরের গুপিমোহন বশাক লেনের মুহাম্মদ আলীর ছেলে। উত্তরায় একটি কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করতেন সাঈদ।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বংশালের ছিদ্দিকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঢামেকে আসা সাঈদের ভাই ওয়াহিদ হোসেন সাংবাদিকদের জানান, উত্তরায় একটি কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করতেন তার ভাই। সকালে ওই দোকানে যাওয়ার জন্য তিনি বাসার সামনে থেকে একটি রিকশায় চড়েন।
ছিদ্দিকবাজার এলাকায় আসলে দু’জন ছিনতাইকারী সাঈদের পেটে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনর্চাজ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পেটে ছুরিকাঘাত নিয়ে ওই যুবককে ঢামেকে নিয়ে আসার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য সাঈদের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


