বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দেশ-বিদেশে বাংলাদেশবিরোধী চক্রান্ত চলছে: তোফায়েল

Tofail+Ahmedবাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশ ও দেশের বাইরে এখনো বাংলাদেশবিরোধী চক্রান্ত চলছে। ২০১৪-১৫ সালে লাগাতার নাশকতা করে যারা মানুষ হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তাদের কথা উল্লেখ নেই।

রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। খবর বাসসের।

তোফায়েল আহমেদ বলেন, যেসব দেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই এ দেশের অগ্রযাত্রাকে মেনে নিতে পারছে না। যারা মানবাধিকারের লঙ্ঘনের কথা বলে, তাদের দেশেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার চেতনা ধ্বংসের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পঁচাত্তরের পর বিএনপি-জামায়াত জোট স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার। কিন্তু সে চেষ্টা সফল হয়নি।

এর আগে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে শেখ হাসিনা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে দলের বিভিন্ন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রবাসী সরকার প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে প্রবাসী সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাম অনুযায়ী জায়গার নামকরণ করা হয় মুজিবনগর। সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এস কামরুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য করে প্রবাসী সরকার গঠন করা হয়।

আরও পড়ুন