আয়কর, শুল্ক ও ভ্যাট বাবদ বকেয়া রাজস্ব আদায় করতে বৈশাখ মাসে হালখাতার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, রাজস্ব প্রদানে উদ্বুদ্ধ করার জন্যই এই আয়োজন করে হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
রোববার বিকেলে এনবিআর ভবনে তিনটি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় হালখাতা আয়োজনের উদ্যোগের কথা জানান তিনি। আজকের তিন দফার প্রাক-বাজেট আলোচনায় অংশ নেয়া ব্যবসায়ী নেতারা এনবিআরের এই উদ্যোগকে স্বাগত জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজ কোষের বকেয়া অর্থ সংগ্রহে বাংলা নববর্ষে হালখাতার প্রচলন করেছিলেন সম্রাট আকবর। এনবিআর ঐতিহাসিক এ ধারা চালু রাখতে চায়। দেশের আয়ের প্রধান উৎস বকেয়া রাজস্ব আদায়ে হালখাতা করা হবে। পুরো বৈশাখ মাসজুড়ে এই হালখাতা অনুষ্ঠিত হতে পারে।’
নজিবুর রহমান আরো বলেন, ‘দেশের সকল আয়কর, শুল্ক ও ভ্যাট কমিশনার কার্যালয়ে এ হালখাতার আয়োজন করা হবে। করদাতারা বকেয়া কর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিশোধ করতে পারবেন। এসময় তাদের আপ্যায়ন ও মিষ্টিমুখ করানো হবে। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বিকেল ৩টা থেকে সোয়া ৫টা পর্যন্ত পর্যায়ক্রমে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতারা অংশ নেন।


