আমি দেখেছি সব জায়গায় আমাদের বোনেরা, বিশেষ করে যারা বাইরে কাজ বা যাতায়াত করেন তারা সুস্থ এবং নিরাপদ শৌচাগার সুবিধা থেকে বঞ্চিত। তাই তাদের কথা বিশেষভাবে মাথায় রেখে এ ধরনের শৌচাগার নির্মাণ করা হয়েছে। বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
সোমবার সকালে গণশৌচাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণশৌচাগার দুটি রাজধানীর তেজগাঁও সাতরাস্তার টিঅ্যান্ডটি গেট এবং নাবিস্কোর বিপরীতে হাজি মরণ আলী রাস্তার পাশে নির্মাণ করা হয়েছে।
ঢাকা উত্তরের এই নগরপিতা বলেন, অঙ্গীকার অনুসারে ঢাকায় ১০০ টি টয়লেট করব বলে পরিকল্পনা করেছি, ৪ টি নির্মাণ করা হয়েছে, বাকিগুলো নির্মাণাধীন।
সবাইকে শৌচাগার সংরক্ষণের আহ্বান জানিয়ে আনিসুল বলেন, টয়লেট আপনাদের সম্পদ, এটাকে আপনাদেরই সুরক্ষা করতে হবে। এত সুন্দর টয়লেট আমার বাড়িতেও নেই।
এ ধরনের শৌচাগার নির্মাণের জায়গা পাওয়া পাচ্ছে না মন্তব্য করে মেয়র বলেন, আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু জায়গা পাওয়া যায় না, এটা সবচেয়ে বেশি সমস্যা।


