চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ ঘর থেকে শেলী শীল (৩৫) ও তার শিশুকন্যা অন্তরা শীলের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজেলার সরওয়াতলি ইউনিয়নের কুঞ্জরি গ্রামের শীল পাড়া থেকে লাশ ২টি উদ্ধার করা হয়। শেলী শীলের স্বামী অসীম শীল চট্টগ্রাম কোর্টের আইনজীবীর সহকারী।
দাম্পত্য কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
জানা যায়, নিজ ঘর থেকে মঙ্গলবার দুপুরে শেলীর ঝুলন্ত লাশ এবং বিছানার ওপর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে স্বামী অসীম শিল ও শাশুড়ির সঙ্গে শেলীর ঝগড়া হয়। এরপর মেয়ে অন্তরাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। এভাবে সারারাত পার হওয়ার পর মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করলেও শেলী দরজা খোলেন না। এরপর পরিবারের লোকজন দরজা ভেঙে মা-মেয়ের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


