বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সম্পদের হিসাব ওয়েবসাইটে দেয়া আছে: জয়কে টিআইবি

1460521695_124773ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও তার ট্রাস্টি বোর্ডের সদস্য এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সম্পদের হিসাব ওয়েবসাইটে আছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, যে-কেউ ওয়েবসাইট থেকে এ হিসাব দেখে নিতে পারেন।

আজ বৃহস্পতিবার ‘তৈরি পোশাক খাতের সুশাসন অগ্রবর্তী চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন ওঠাটা আমাদের জন্য ভালো।’

১৩ এপ্রিল নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে টিআইবির সম্পদের বিবরণ প্রকাশের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, টিআইবি সম্পদের বিবরণ প্রকাশ করে এটা প্রমাণ করুক যে তারা তাদের চিলি শাখার মতো দুর্নীতিগ্রস্ত নয়। পানামা পেপারস কেলেঙ্কারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চিলি শাখার প্রেসিডেন্টের পদত্যাগের প্রেক্ষাপটে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় এ দাবি জানান।

ওই সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ যেকোনো ব্যক্তির অধিকার রয়েছে টিআইবির স্বচ্ছতা সম্পর্কে জানার বা প্রশ্ন করার। আমরা একে স্বাগত জানাই। টিআইবির সব আয়-ব্যয় বা সম্পদের তথ্য সরকারের কাছে রীতিমতো জমা দেওয়া হয়, যা জনগণের জ্ঞাতার্থে আমাদের ওয়েবসাইটেও প্রকাশিত রয়েছে। আর টিআইবির বোর্ড এবং নির্বাচিত পরিচালকদের সম্পদের বিবরণও ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে।’

আরও পড়ুন