কোহিনুর কেমিকেলসের আইনজীবী পলাশ কুমার রায়কে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, পলাশকে অপহরণের অভিযোগে কয়েকদিন আগে তার মা কোহিনুরের এমডি রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করলেও এই আইনজীবী আসলে ‘বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ’ করে নিজেই ‘আত্মগোপনে’ ছিলেন।
র্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মো. খালিদ বোরহান বলেন, “বৃহস্পতিবার রাতে মনিপুরি পাড়ায় বোনের বাসা থেকে অ্যাডভোকেট পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।”
তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, পলাশকে পাওয়া যাচ্ছে না জানিয়ে তার মা মীরা রানী থানায় একটি জিডি করেছিলেন।
“তাছাড়া অপহরণের অভিযোগ এনে আদালতে একটি আবেদনও করেন তার মা।”
ওই মামলার আবেদন থানায় এলেও পুলিশ এখনো তা এজাহার হিসাবে নথিভুক্ত করেনি জানিয়ে ওসি বলেন, পলাশের নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
র্যাব কর্মকর্তা মো. খালিদ বোরহান জানান, শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।


