বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আমাকে জেলে নিয়ে সন্তানকে মুক্তি দিন: মাহমুদুর রহমানের মা

mahmudur motherপ্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতি জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম বলেছেন, ‘আমার ছেলেকে দীর্ঘদিন জেলে আটক রেখেও আপনার ব্যক্তিগত জিঘাংসা যদি পরিতৃপ্ত না হয়ে থাকে, তাহলে আমাকে জেলে নেয়ার বিনিময়ে আমার নিরপরাধ সন্তানকে মুক্তি দিন।’

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে দৈনিক আমার দেশ পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে একমাত্র ছেলের মুক্তি চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মাহমুদা বেগম। এ সময় সেখানে উপস্থিত অনেকের চোখও অশ্রুসজল হয়ে ওঠে।

মাহমুদা বেগম বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যত বিশ্বের সর্বাপেক্ষা ক্ষমতাশালী সরকার প্রধান। তার নির্দেশ ও ইশারা-ইঙ্গিতেই রাষ্ট্রের সবকিছু পরিচালিত হচ্ছে। তিনি চাইলেই আমাকে কারাগারে নিয়ে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে পারেন।’

মাহমুদুর রহমানের মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বাংলাদেশের সব মায়ের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমার একমাত্র সন্তানের মুক্তির জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমি আপনাদের সকলের জন্যে এবং আপনাদের সন্তানদের জন্যে দোয়া করি।’

মাহমুদুর রহমানকে ২০১৩ সালের ১১ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৮০টি মামলায় জামিন পেয়েছেন। এখন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর দাবি করেছে ডিবি পুলিশ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে, একাংশ) মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান, মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া প্রমুখ।

আরও পড়ুন