একটা সময় ছিল, যখন বাংলা সিনেমার ‘হিট’ জুটি মানেই ছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা। কিন্তু হঠাৎই সেই জুটি ভেঙে যায়। ‘জামাইবাবু জিন্দাবাদ’-এর পর আর দেখা যায়নি এই জুটিকে। প্রায় দু’দশক পর ফের অনস্ক্রিনে একসঙ্গে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। হয়েছেন বেশ অন্তরঙ্গও।
শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘প্রাক্তন’ দিয়ে পর্দায় ফিরেছেন তারা। এ জুটিকে আরও একবার ফিরিয়ে আনতে এ ছবির বিষয়বস্তু কলকাতার ‘হেরিটেজ ওয়াক’। আর সেই ‘হেরিটেজ ওয়াক’-এ প্রসেনজিতের ভূমিকা গাইডের। কলকাতাই এ ছবির আকর্ষণ। শুধু ছবিতে নয়, গানেও রয়েছে কলকাতা।
বহুদিন বাদে ‘প্রাক্তন’-এর হাত ধরে আবার গানে ফিরল কলকাতা। গানটি লিখেছেন অনুপম রায়। গেয়েছেন অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল। উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘প্রাক্তন’ পর্দায় আসছে ২৭ মে।


