রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম ড.এ এস এম রেজাউল করিম সিদ্দিকী।তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক।
শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে ভোয়ালিয়া এলাকার শালবাগান মোড়ে এ ঘটনা ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুজিবুল হক আজাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেজাউল করিমের বাড়ি বোয়ালিয়া থানার শালবাগান বাজার এলাকায়। সকালে বিশ্ববিদ্যালয়গামী বাসের জন্য বাড়ি থেকে বের হয়ে ড. রেজাউল করিম শালবাগানের মোড়ে অপেক্ষা করছিলেন।
এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবক এসে পেছন থেকে তার ঘাড়ে কয়েকটি কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায় ।
স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেজাউল করিমের পরিবারের বরাত দিয়ে এসব তথ্য জানান রাবি প্রক্টর।
বোয়ালিয়া থানার ওসি শাহদাত হোসেন বলেন, হত্যাকাণ্ডস্থল থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলের বাড়ি। তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। পুলিশ ও গোয়েন্দা বিভাগের একাধিক টিম হত্যাকাণ্ডস্থল ঘিরে রেখেছে।
প্রসঙ্গত, দুই বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম খুন হন।
তখন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। তবে পুলিশ তা নাকচ করে দেয়।


