রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনায় মামলা করেছেন তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ হোসেন। শনিবার বিকাল ৪টার দিকে সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।
মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন। বলেন, শনিবার সকালে অধ্যাপক রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পথে শালবাগান এলাকায় মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুই যুবক পেছন থেকে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
হামলায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে জঙ্গি সম্পৃক্ততার আলামত রয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত অধ্যাপকের গ্রামের বাড়ি রাজশাহীর বাগামারা উপজেলার দরগামারিড়ায়। নগরীর শালবাগান এলাকার বাসায় থাকতেন তিনি।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মাদ শামসুদ্দিন বলেন, হামলার ধরন ও আলামত দেখে মনে হয়েছে কোনো জঙ্গি সংগঠন এই হামলায় জড়িত। ঢাকায় ব্লগার হত্যাকাণ্ডগুলোর হামলার ধরনের সঙ্গে এই হামলার ধরনের মিল রয়েছে।
এ ঘটনায় ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।


