সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এখন থেকে আঘাত করলে পাল্টা আঘাত করা হবে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
`সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদসহ সকল নেতৃবৃন্দের মুক্তি` শিরোনামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
নোমান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাব। তবে ক্ষমতাসীনরা আমাদের ঘুষি মারলে, আমরাও পাল্টা ঘুষি মারব। কারণ কথায় আছে, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। তাই বিএনপিকে বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট প্রয়োগ করতে হবে।’
‘প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের চেয়ে তৃতীয় দফার ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে’- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের এই বক্তব্যের সমালোচনা করে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যে আমি খুব লজ্জা পেয়েছি। কিন্তু তিনি (কাজী রকিব উদ্দিন) কী লজ্জা পেয়েছেন?’
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা (বিএনপি) নির্বাচন বাতিল করতে সিইসির কাছে দাবি জানিয়েছিলাম। কিন্তু সিইসি আমাদের কথা শুনেন নি।’
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাই যে যেখানেই আছেন, সেখান থেকেই প্রতিবাদ করুন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিন খোকন।


