রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর খুনীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
রোববার সংগঠনের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক চম্পা পাটেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে চম্পা পাটেল বলেন, রেজাউল করিমের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।
অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের উগ্রবাদী ইসলামপন্থীরা যেভাবে ধর্মনিরপেক্ষ লেখক এবং অ্যাকটিভিস্টদের হত্যা করেছে, এ হামলার ধরণও তার সঙ্গে মিলে যায়।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে পাটেল জানান, এর আগের একটা হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। কর্তৃপক্ষের এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে।
উল্লেখ্য, রাজশাহী নগরীর শালবাগান এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে (৬১) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন সাংবাদিকদের বলেন, এর আগে যেভাবে ব্লগারদের হত্যা করা হয়েছে, একই কায়দায় অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিককে খুন করা হয়েছে। তাই হত্যার ধরণ দেখে মনে হচ্ছে এ ঘটনায় জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে।
পরবর্তীতে শনিবার সন্ধ্যায় সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানায়, আইএসের ‘আমাক সংবাদ সংস্থা’ অধ্যাপক রেজাউলকে হত্যাকাণ্ডে তাদের দায় স্বীকারের খবর দিয়েছে তাদের কাছে।


