গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে সন্ত্রাসীদের গুলিতে প্রধান কারারক্ষী রুস্তম আলী (৬০) নিহত হয়েছেন।
মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী এ হামলা চালায়। তাদের মধ্যে একজনকে পালানোর সময় আটক করার দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন নিশ্চিত করেন।
তিনি জানান, মোটরসাইকেল আরোহী দুই জন সন্ত্রাসী কারাফটকে রক্ষীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই প্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হন। তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত রুস্তম আলী কাশিমপুর মহিলা কারাগারের সার্জেন্ট ইন্সপেক্টর ছিলেন বলে জানান কাশিমপুর কারাগারের তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার।
তিনি বলেন, রুস্তম আলী কারাগার থেকে বের হয়ে ২৫০ গজ দূরে ওষুধ কিনতে যান। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রুস্তম আলী মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রুস্তম আলী বেলা ১১টার দিকে কারাগারের ভেতর থেকে বেরিয়ে সামনের একটি ওষুধের দোকানে আসেন। সেখানে বসে সংবাদপত্র পড়ার সময় মোটরসাইকেল করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
রুস্তম আলী কাশিমপুর কারাগারের সর্বপ্রধান কারারক্ষী বলে জানান কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলের দুই আরোহী অতর্কিতে কাশিমপুর কারাগারের প্রধান ফটকে গুলি ছোড়ে। এতে রুস্তম আলী নিহত হন।
গুলি ছোড়ে পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করা হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক।
এদিকে, সন্ত্রাসীদের গুলিতে প্রধান কারারক্ষী রুস্তম আলী নিহতের ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। কাশিমপুর কারাগার পার্ট-১ ও মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন।


