রাজধানীর কলাবাগানে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল অফিসার ও ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয় খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত রাতে নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় এই মামলা করেন। কলাবাগান থানার এএসআই শ্যামল চন্দ্র হালদার জানান, এজাহারে অজ্ঞাতপরিচয় ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি।
সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)। জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।


