ইউএসএআইডির কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যা দক্ষ হাতের কাজ এবং খুনিরা প্রশিক্ষিত বলে মনে করেন ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ ধরনের আঘাতের পর কারও বেঁচে থাকা সম্ভব নয়। একই স্থানে উপর্যুপরি কয়েকটি আঘাত ছিল। এবং সেই আঘাত মাথার খুলি কেটে মগজ পর্যন্ত পৌঁছেছে। তনয়ের স্পাইনাল কর্ড ছিঁড়ে গেছে। কোথায় আঘাত করলে মারা যাবে, সে ধরনের প্রশিক্ষণ নিয়েই তারা কুপিয়েছে। একই স্থানে অন্তত তিনটি আঘাত করলে মগজ স্পর্শ করে। খুনিরা ভালো করেই জানে এবং জেনেই আঘাতগুলো করেছে। এটা দক্ষ হাতের কাজ এবং খুনিরা প্রশিক্ষিত।
সোহেল বলেন, ‘তাঁদের মাথায়, মাল্টিপল চপ অন (বেশ কিছু কোপানোর চিহ্ন) ছিল, ধারালো অস্ত্রের আঘাত যেটা আরকি। ভারি ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ আঘাতের কারণে ওঁরা মারা গেছেন। আমার মনে হয়েছে, তারা টোটালি প্রশিক্ষিত একটা গোষ্ঠী। যারা টার্গেট করে আসছে যে আমাকে এ জায়গাটাতে মারতে হবে। তারা সেম জায়গায়, একই জায়গায় মেরেছে।’
জুলহাজ মান্নান বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনার পাশাপাশি জুলহাজ উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন।
সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।
আর তনয় ছিলেন লোকনাট্য দলের কর্মী। পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসেবেও কাজ করতেন তিনি।
হামলাকারীদের অস্ত্রাঘাতে ওই বাড়ির দারোয়ান পারভেজ মোল্লা আহত হয়েছেন। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন মমতাজ নামে এক এএসআই।
এদিকে সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু তনয় খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অস্ত্র আইনে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।


