দুর্নীতির মামলায় অভিযান চালিয়ে সারা দেশ থেকে ব্যাংক কর্মকর্তাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রূপালী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা আছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা অভিযানে ঠাকরগাঁও, নবাবগঞ্জ, দোহার, যশোর, চট্টগ্রাম ও চাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা সবাই দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঠাকুরগাঁওয়ের ভোমরাদহ শাখার কর্মকর্তা আরাফাত জামান, ওই শাখার সাবেক গার্ড মো. শাহজাহান আলী, রূপালী ব্যাংকের নবাবগঞ্জের শিকারীপাড়া শাখার ম্যানেজার ফরিদ আহম্মদ, একই শাখার সাবেক সিনিয়র অফিসার আব্দুস সালাম, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিডেটের দোহারের জয়পাড়া শাখার ম্যানেজার মিজানুর রহমান, যশোরের নওয়াপাড়ার সার ব্যবসায়ী শাহজাহান আলী মোল্যা, চট্টগ্রামের আগ্রাবাদের ব্যবসায়ী আব্দুল আউয়াল, আবুল হাশেম ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জনৈক মো. নাসিবুল হুদা।


