রাজধানীর কলাবাগানে জোড়া খুন প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, হত্যাকারীদের ধরতে ও হত্যার কারণ বের করতে ডিএমিপর গোয়েন্দা বিভাগ, সিআইডিসহ পুলিশের সব ইউনিট এক সঙ্গে কাজ করছে। এ ঘটনা জঙ্গিরা ঘটিয়েছে কী না তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এটি স্বার্থসংশ্লিষ্ট ছিল কি না, কোনো দেনা পাওনার বিষয় ছিল কি না কিংবা জঙ্গি সম্পৃক্ততা ছিল কি না তা আমরা খতিয়ে দেখছি।
জনগণের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা বিচ্ছন্ন ঘটনা। এ ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার।
বুধবার সকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ইসলামী ব্যাংকের তিনটি পিকাপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, হত্যাকারীরা খুন করে পালানোর সময় একটি ব্যাগ রেখে গেছে। ব্যাগে যে আলামত পাওয়া গেছে তা তদন্ত কাজে অত্যন্ত জরুরি। সেই আলামাতের সূত্র ধরেও পুলিশ এগুচ্ছে।
সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকারের পক্ষের সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।


