চুনারুঘাট সদরে দুই কাউন্সিলরের মধ্যে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, চুনারুঘাট পৌরসভা নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে নির্বাচিত কাউন্সিলর মর্তুজ আলী ও অপর পরাজিত কাউন্সিলর প্রার্থী শফিক মিয়ার দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে মর্তুজ আলী ও তার লোকজন শফিক মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে বাধে। এতে আহত হন শফিক মিয়া (৫০), তার ছেলে জামি (১৫), স্ত্রী আসমা আক্তার শেফা (৪০) ও মর্তুজ আলী (৫০)। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ফরিদ আহমেদ জানান, বর্তমান কাউন্সিলর মর্তুজ আলী ঘটনাস্থলের পাশে এক বাড়ির ভাড়াটিয়াকে ধরে নিয়ে বেঁধে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় আটকে রাখে। আজ বুধবার তাকে কোর্টে চালান করলে জামিনে ওই ভাড়াটিয়াকে মুক্ত করা হয়।
এ ঘটনায় চুনারুঘাট সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের আশংকা এলাকাবাসীর।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


