আগামী ৭ মে টাঙ্গাইলের দেল-দুয়ার উপজেলার আটটি ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী দেওয়ান তাহমিনা হক। তিনি দেউলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন।
এ ছাড়া পঞ্চম ধাপে জেলার তিন উপজেলার ১৯ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ মে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দেওয়ান তাহমিনা হক ছাড়াও এই ইউনিয়নে আরও ১০ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাহমিনা হক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামছুল হকের ভাতিজার স্ত্রী।
দেওয়ান তাহমিনা হক ছাড়াও চেয়ারম্যান পদে এই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত আনিসুর রহমান, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আলতাফ হোসেন, বিএনপির বিদ্রোহী খন্দকার জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এইচ এম মাসুদুল আলম, খোরশেদ আলম, বাবুল হোসেন, হাবিবুল্লাহ দুলাল, শেখ হামজা খাদেমী ও শামছুল হক।
তাহমিনা দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটপ্রার্থনা করছেন।
তাহমিনা হক বলেন, নির্বাচিত হলে তার ইউনিয়নের সার্বিক উন্নয়নের পাশাপাশি নারীদের উন্নয়নে বিশেষভাবে কাজ করবেন।


