আবারো আগুন লেগেছে সুন্দরবনে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন। বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন।
চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা কাজী মতিয়ার রহমান জানান, চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট ক্যাম্পের আরুয়াদের খাল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা বিকেলে এ খবর জানিয়েছে। খবর পাওয়ার পরে বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে রওনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মার্চ, ১৩ এপ্রিল ও ১৮ এপ্রিল তিন দফায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্প, পঁচাকোড়ালিয়া, আব্দুল্লাহর ছিলা ও নাপিতখালী এলাকায় আগুনে প্রায় দশ একর বনভূমি পুড়ে যায়। এ ঘটনায় মামলাও হয়েছে।
এছাড়া ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।


