বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

euসহিংস চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। একই সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধিদলের প্রধান জ্যঁ ল্যামবার্ট এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, এই মুহূর্তে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা সরকারের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান নিশ্চিতে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছে, যা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ২০১৫ সালে নেওয়া রেজিলিউশনেও বলা হয়েছে।

বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে উদ্বেগ ও নিন্দা জানিয়ে ওই বিবৃতিতে ল্যামবার্ট বলেন, গত বছরের ফেব্রুয়ারি থেকে চরমপন্থীরা বেশ কয়েকজন সেক্যুলার ও নাস্তিক লেখক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যা করেছে। সোমবারের হত্যাকাণ্ড ছাড়াও চলতি মাসেই এ তালিকায় যুক্ত হয়েছে একজন আইনের ছাত্র ও একজন ইংরেজির শিক্ষক।

বিবৃতিতে এ সব হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সহিংসতা ও হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনেও সংহতি জানানো হয়।

আরও পড়ুন