বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জাতির কাছে ক্ষমা চেয়েছেন শাহাদাত, ফিরতে চান ক্রিকেটে

-shahadatশিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিচারাধীন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব জাতির কাছে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকা এই পেসার। ফের ক্রিকেটে ফিরে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন শাহাদাত। তার লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি নিজের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। আমি পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমি সভাপতিসহ সকল ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তা এবং সতীর্থ খেলোয়াড়দের নিকট ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে। আমিও একটা ভুল করেছি। আমি বিশ্বাস করি, দেশ ও দেশের ক্রিকেটকে আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে।’

শাহাদাত তার লিখিত বক্তব্যে আরও বলেন, ‘আমি আপনাদের (মিডিয়াকর্মীদের) মাধ্যমে দেশবাসীর সহায়তা চাই। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই আমি ক্রিকেটে ফিরতে চাই। ক্রিকেটের স্বার্থে, জীবিকা নির্বাহের তাগিদে দ্রুতই ক্রিকেটে ফিরতে চাই। এ ব্যাপারে দেশবাসী ও ক্রিকেট বোর্ডসহ সকলের কাছে মিনতি করছি- অতীতের ভুল শুধরে আপনাদের আগের শাহাদাত হয়ে ফিরতে চাই আমি। নিজের অতীত কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত।’

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়া শাহাদাত বলেন, ‘আমি দেশের প্রতিটি মানুষের কাছে এবং ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে ক্রিকেট বোর্ড আমার জন্যে অনেক কিছু করেছে। সবচেয়ে বড় কথা, ক্রিকেট বোর্ডের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারব না। কারণ, যখন আমার খুব বাজে অবস্থা ছিল ও আমি যখন ইনজুরিতে পড়েছিলাম (লিগামেন্টের ইনজুরিতে) তখন ক্রিকেট বোর্ডই আমাকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছিল চিকিৎসার জন্য। বোর্ডের জন্যই আমি আজকের এই শাহাদত হোসেন।’

সবার সহযোগিতা চেয়ে শাহাদাত অনুরোধ করেন, ‘সবার কাছে আমি অনুরোধ করছি; বোর্ডের কাছে অনুরোধ করছি আমাকে খেলার জন্যে একটা সুযোগ দেওয়া হোক। আমি একজন পেশাদার ক্রিকেটার। আমার কাছে ক্রিকেট ছাড়া অন্য কিছু নেই এবং আমার একটা সন্তান আছে। আমার এখন খুবই কষ্ট হচ্ছে সবকিছু করতে। আমি একজন সুস্থ মানুষ। এরপরও আমি ক্রিকেট খেলতে পারছি না। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। দেশবাসীসহ সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যেন আবার একটা সুযোগ পাই। আমি যেন আবার আগের মতো ক্রিকেট খেলতে পারি।’

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলাটি কোন পর্যায়ে আছে? জানতে চাইলে শাহাদাত বলেন, ‘মামলাটা বিচারাধীন আছে। ২৫ তারিখে হাজিরা আছে। আমার উকিল বলেছে, ইনশাল্লাহ সেই দিনই একটা ভালো কিছু হবে।’

আদালতের আদেশ রয়েছে যে, জীবিকার তাগিদে আপনি স্বাভাবিক সবকিছুই করতে পারবেন। সে ক্ষেত্রে আপনি কি বিসিবির কাছে কোনো আবেদন করেছেন? এমন প্রশ্নের জবাবে শাহাদাত বলেন, ‘আদালত আমাকে এই বিষয়ে একটা লিখিত অনুমতি দিয়েছেন। তবে তারা বলেছেন যে, এটা (খেলায় ফেরা) ক্রিকেট বোর্ড ছাড়া কেউ করতে পারবে না। আমি ক্রিকেট বোর্ড ও দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। আমার অনুরোধ তারা যেন আমাকে একটা সুযোগ দেয়। আমি অনেক কষ্টে আছি। যখন একটা ক্রিকেটার মাঠে খেলে, তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। এটা কতটা কষ্টে আছি, আমি এখন তা বুঝতে পারছি। আমি বর্তমানে সুস্থ। আমি চাই, আমি যেন আবার সেই আগের শাহাদাতের মতো খেলেতে পারি। দেশকে আমার অনেক কিছু দেওয়ার আছে। দেশকে আমি অনেক কিছু দিতে চাই। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। আমি যেন আবার ফিরে আসতে পারি।’

আরও পড়ুন