তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারে বছরে এক লাখ লোক প্রাণ হারান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। গলায় ক্যানসার ও শিশু অ্যাজমাবিষয়ক স্বাস্থ্য সতর্কবাণী ও জনসচেতনতায় ক্যাম্পেইন উদ্বোধন শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নাসিম জানান, দেশের আড়াই কোটি লোক ধূমপান করে। এর মধ্যে ৩ শতাংশ অপ্রাপ্তবয়স্ক ছেলে ও ১ শতাংশ মেয়ে এবং ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ ও ২ শতাংশ নারী রয়েছে।
ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার স্বাস্থ্য ও অর্থনীতির জন্য ক্ষতিকর উল্লেখ করে মন্ত্রী জানান, তামাকজাত দ্রব্য ব্যবহারে প্রতিবছর দেশে অন্তত এক লাখ লোক মারা যান। এ ছাড়া তিন লাখ ৮২ হাজার লোক দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হন।
২০১৩ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে আইন করা হয়। এ আইন কার্যকর করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সিটি করপোরেশন, পৌরসভা ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে—এ ধরনের বেসরকারি প্রতিষ্ঠানকে আরো জোরদার ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেসরকারি বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


