বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাবি শিক্ষক হত্যায় রিমান্ডে শিবির নেতা

ru-teacher murderরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় হাফিজুর রহমান নামে এক শিবির নেতাকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে মহানগর হাকিম আদালত-১ এ শুনানি শেষে বিচারক মোকসেদা আজগর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউল সাদিক জানান, হাফিজুর রহমান নগরীর ১৯নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। রোববার তাকে আটক করা হয়। পরদিন সোমবার সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া শিক্ষক হত্যার ঘটনায় গ্রেপ্তার রায়হান আলী ও খায়রুল ইসলামকে সাত দিনের রিমান্ড আবেদন করে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আগামী সোমবার শুনানির দিন নির্ধারণ করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদের মধ্যে রায়হান আলী নিহত শিক্ষক রেজাউল করিমের নিজ গ্রাম বাগমারা উপজেলার দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম। আর খায়রুল ইসলামের বাড়ি নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায়। খায়রুল বশিরাবাদ মাদরাসার ছাত্র এবং এবার এএইচসি পরীক্ষার্থী বলেও জানান পুলিশ পরিদর্শক রেজাউল সাদিক।

এর আগে, গত শনিবার সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে।

আরও পড়ুন