ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মীর মোশাররেফ হোসেনকে (রাজিব মীর) সাময়িক বরখাস্ত করেছে জবি প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিণ্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিয়াস নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, মাস্টার্সের ওই ছাত্রীকে রাজিব মীর অনৈতিক প্রস্তাব ও মোবাইল ফোনে তার কথামতো না চললে নম্বর কম দেয়ার হুমকি দেন। পরে ওই ছাত্রী ফোনের অডিও রেকর্ডসহ বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন।
পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়াকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাজিবকে বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।


