ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় নাটোরে মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম খন্দকার মহিন (২৮)। সদর উপজেলার শেখেরহাট এলাকা থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিন নাটোর শেখেরহাট এলাকার গোলাম মোস্তফার ছেলে। সে কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি ও মেডিসিন বিভাগের ছাত্র।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, গত বছর নাটোর সদর উপজেলার শেখেরহাট এলাকায় শেখের হাটে একটি মসজিদ স্থাপন করা হয়। মসজিদের প্রবেশ পথে মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা দানকারীর নামফলক স্থাপন করা হয়। নামফলকটি নিয়ে একই এলাকার আব্দুল মান্নান ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য প্রকাশ করে। সেই মন্তব্যে ওই এলাকার মহিন উস্কানিমূলক আরেকটি মন্তব্য করে। ঘটনটি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে এ ব্যাপারে নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুরুজ দুজনকে অভিযুক্ত করে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে খন্দকার মহিনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


