বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাঁশ দিয়ে ভবণ নির্মাণের সত্যতা মিলেছে: কৃষি মন্ত্রণালয়

Chuadangaরডের বদলে বাঁশ দিয়ে ভবন নির্মাণে অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রমাণ পেয়েছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ সদস্যের প্রতিনিধি দল। কমিটি তদন্তে করতে এসে ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ও ইটের খোয়ার পরিবর্তে সুরকি ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা- ৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বিষয়টি তদন্তে যান।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর, গাইবান্ধা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া- ৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন, সংসদ সচিবালয়ের উপ-সচিব মফিজুল ইসলাম, স্থাপত্ত অধিদপ্তরের কর্মকর্তা আহম্মেদ বসির উদ্দিন, চুয়াডাঙ্গা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী অমিত কুমার দে।

আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, জেলা প্রশাসক সায়মা ইউনুস, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

তদন্তের পর কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা- ৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন উপস্থিত সংবাদিকদের বলেন, ‘চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগনিরোধ ভবন নিমার্ণে যে অনিয়ম হয়েছে তা বোঝা গেছে। এই নির্মাণাধীন ভবন সিলগালা করে বিশেজ্ঞদের দিয়ে ভবনের ভীতসহ বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষা করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী কেমন তা আপনারা জানেন। উনারা দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করেন না। দেশে উৎপাদিত কৃষি পণ্য যখন বিদেশে রফতানি করা হচ্ছে ঠিক তখনই এ ধরনের দুর্নিতীর ঘটনা ঘটলো।’

তিনি বলেন, ‘আমার বিশেজ্ঞ নই। তবে এ নির্মাণ কাজে দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখা হবে। যেহেতু এ বিষয়ে মামলা হয়েছে সেহেতু মামলার পর তদন্তের কাজটিও সেভাবে দেখা।’

কৃষি মন্ত্রণালয়ের আওতাভূক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ’ প্রকল্পের অধীনে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, স্থলবন্দর, দর্শনা, চুয়াডাঙ্গা অফিস ভবন নির্মাণ কল্পে গত ১২/০৭/২০১৫ ইং তারিখে ঠিকাদার নির্বাচনের জন্য টেন্ডার আহবান করা হয়। টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহের দরপত্র মূল্যায়ন করে প্রকল্প মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী মেসার্স জয় ইন্টারন্যাশনাল ৬৪/এ মনিপুরী পাড়া তেজগাঁও ঢাকা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্প পরিচালকের স্মারক নং-ফাইটো-৪১/২০১৫ (অংশ)/৭৮৪ তারিখ ২৫/১০/২০১৫ মোতাবেক মেসার্স জয় ইন্টারন্যাশনালকে কার্যাদেশ প্রদান করা হয় (পরিশিষ্ট-১)। কাজের চুক্তিমূল্য ধার্য হয় ২ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ২২৭ টাকা ২২ পয়সা। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মতে চুক্তি সম্পাদনের দিন থেকে ১২ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার কথা। এ নির্মাণ কাজের ডিজাইন, স্থাপত্য নকশা, কাঠামোগত ডিজাইন তৈরি ও নির্মাণ চলাকালীন সকল প্রকার কাজের গুনগতমান নিশ্চিত করার জন্য ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লি: (ইসিএল) ৮৭০ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানকে যথাযথ নিয়মপদ্ধতি অনুসরণ করে নিয়োগ প্রদান করা হয়। সেই সঙ্গে প্রকল্পের সকল প্রকার ক্রয় কার্যক্রমে প্রকল্প পরিচালককে সহায়তা করার জন্য মো. আয়ুব হোসেনকে এই প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এ ছাড়া কৃষি সম্প্রারণ অধিদফতরের প্রধান কার্যালয়ের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন ও আইসিটি ব্যবস্থাপনা শাখার পক্ষ থেকে উক্ত নির্মাণ কাজটি দেখাশুনার জন্য উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।

নির্মাণ কাজটি গত ০৫/১১/২০১৫ ইং তারিখে শুরু হয়ে ইতোমধ্যেই নির্মাণ কাজের মূল ভবনসহ ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ অবস্থায় বিগত ৬/০৪/২০১৬ ইং তারিখে নির্মাণাধীণ উক্ত ভবনের সম্মুখ অংশে ডিজাইন উপেক্ষা করে অনুমোদিত রডের পরিবর্তে বাঁশের কাবারী ও ইটের খোয়ার পরিবর্তে সুরকি ব্যবহারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় তারা ঘটনাটি তুলে ধরেন। এ দুর্নীতি ও অনিয়নের ঘটনার পর্যায়ক্রমে আজ শুক্রবার বেলা ১১টায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তদন্ত দল দর্শনায় আসেন।

এ সংক্রান্ত ব্যাপারে দামুড়হুদা মডেল থানার মামলা হয়েছে।

আরও পড়ুন