এলজিআরডি মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশারফ হোসেনের ‘অসৌজন্যমূলক’ আচরণের প্রতিবাদে তার সংবাদ বর্জন করেছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সব সাংবাদিক।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের গালমন্দ করেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ বলেন, এলজিআরডি মন্ত্রী সাংবাদিকদের সাথে কথা না বলে উপরন্তু গালমন্দ করায় তার সকল প্রকার সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বৃহস্পতিবার সকাল ৯টায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
পরে ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাওয়ার সময় টিভি সাংবাদিকরা কথা বলার অনুরোধ জানালে মন্ত্রী তাদের গালমন্দ করেন বলে সাংবাদিকদের অভিযোগ।
টাঙ্গাইল প্রেসক্লাব ছাড়াও মির্জাপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও মন্ত্রীর সংবাদ বর্জন করেছেন বলে খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতু এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। ফলে শেখ হাসিনা ও ইঞ্জিনিয়ার মোশাররফ সম্পর্কে বেয়াই-বেয়াইন। পুতুলের দাদাশ্বশুর খন্দকার নুরুল হোসেন ছিলেন বঙ্গবন্ধুর ফুফাতো ভাই।


