সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুন তৃতীয় দিনেও পুরোপুরি নেভানো যায়নি। ওই এলাকার বিভিন্ন স্থানে এখনো ধোঁয়া উড়ছে।
একই স্থানে বারবার আগুন লাগার ঘটনায় সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। চাঁদপাই রেঞ্জে শুক্রবার সকাল থেকে সব ধরনের পাস পারমিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলে, মৌয়াল, বাওয়ালিসহ কোনো ধরনের বনজীবী আর বনে প্রবেশ করতে পারবেন না। আর যাঁরা আগে থেকে পাস নিয়ে বনের ভেতর অবস্থান করছিলেন, তাদের পাসও বাতিল করে বন থেকে বের করে লোকালয়ে পাঠানো হচ্ছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, পূর্ব সুন্দরবনে একের পর এক নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বনে প্রবেশের সব ধরনের পাস পারমিট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাইদুল আরো জানান, সুন্দরবনে আগুন পুরোপুরি নিভে গেলেও শুক্রবার সকাল থেকে আবারও কোথাও কোথাও থেকে থেকে সামান্য ধোঁয়া দেখা যাচ্ছে। বনের কোথাও এখন আর আগুনের অস্তিত্ব না থাকলেও ধোঁয়া দেখামাত্র সেখানে পানি ছিটিয়ে দিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখন পর্যন্ত প্রায় দেড় থেকে দুই একর বনভূমি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাটি দুর্গম হওয়ায় এবং পানির সুব্যবস্থা না থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।
শুক্রবার দুপুরে বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
এর আগে গত ২৭ মার্চ, ১৩ ও ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় আগুন লাগে। সে সময় বন বিভাগের পক্ষ থেকে তদন্ত করে স্থানীয় দুর্বৃত্তদের দায়ী করা হয়।
ওই ঘটনায় দুটি মামলাও করে বনবিভাগ। তবে এখনও আসামিদের কাউকে ধরা যায়নি।


