পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দু’শ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ইতিমধ্যে একশ’র মতো মনোনয়নপ্রার্থী ও তাদের প্রতিনিধির কাছে বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে এ ধাপের সব প্রার্থী চূড়ান্ত করা হবে বলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুগান্তরকে জানিয়েছেন।
পঞ্চম ধাপ থেকে দলীয় প্রার্থীদের প্রত্যায়নপত্রে স্বাক্ষর করছেন সাবেক যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান। এর আগে চার ধাপে প্রত্যয়নের দায়িত্বে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ায় শাহজাহানকে এ দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেয়া হয়েছে।
মাইজদী পৌরসভায় বিএনপির প্রার্থী হারুন : ২৫ মে সারা দেশের নয়টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ইতিমধ্যে নোয়াখালীর মাইজদী ছাড়া আট পৌরসভায় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। বুধবার নোয়াখালীর মাইজদীতে হারুন অর রশিদ আজাদকে মনোনয়ন দেয়া হয়েছে।


