বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কারওয়ান বাজারের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা ভয়াবহ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

আজ রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শেষে রাত পৌনে ৮টার দিকে হাসিনা মার্কেটে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মার্কেটটি জনতা টাওয়ারের পাশে। রাত পৌনে ১০টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। তারপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কার্যালয়ে খবর দেয়।

আগুনের মার্কেটের বেশ কিছু দোকানের মালামাল পুড়ে গেছে। বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীদের স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন।

এদিকে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এনায়েত হোসেনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসকে জানান, রোববার রাত ৭টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পলাশী, তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন নির্বাপণের কাজ চলছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ জানান, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন