যুদ্ধবিধ্বস্ত লিবিয়া যেতে ৭৪ জনের ওপর রাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে ১০ শতাংশ সুদসহ টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট এজেন্সিদের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
টাকা ফেরত না দিলে এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, যাদের সে দেশে ব্যবসা-বাণিজ্য আছে বা চাকরি আছে, তাদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করতে পারবে।
সাইফুল ইসলামসহ রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ৭৪ জনের লিবিয়া যেতে বৈধ ভিসা ও কাজের অনুমতি ছিল। কিন্তু লিবিয়ার পরিস্থিতি অস্বাভাবিক বিবেচনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি।
গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে তারা রাষ্ট্রের নির্দেশনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানি শেষে আবেদনকারীদের বৈধ ভিসায় লিবিয়া যাওয়ার অনুমতি দিতে গত ৩ এপ্রিল আদেশ দেন হাইকোর্ট।
আদালতের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে বিদেশ যাওয়া স্থগিত চেয়ে আবেদন করেন। শুনানি শেষে গত ২৭ এপ্রিল চেম্বার বিচারপতি তাঁদের লিবিয়া যেতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন এবং বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।
এ আদেশের ফলে তাঁরা লিবিয়া যেতে পারছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।


