খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ভাড়ায় মোটরসাইকেল চালক আলী হোসেনের চার দিনেও খোঁজ মেলেনি। তার মুক্তির দাবিতে সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত পানছড়ি উপজেলায় অর্ধ দিবস হরতাল পালন করছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।
আলী হোসেনের নিখোঁজের প্রতিবাদে রোববার রাতে পানছড়িতে বিক্ষোভ মিছিল করে হরতালের এ ঘোষণা দেয় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।
গত বৃহস্পতিবার উপজেলার উল্টাছড়ির জিয়া নগর গ্রামের মনসুর আলীর ছেলে হোসেন আলী মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
বাঙালী ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. রশাদ আলী জানিয়েছেন আইনশৃংখলা বাহিনী আলী হোসেনকে অভিলম্বে উদ্ধারে ব্যর্থ হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
নিখোঁজ আলী হোসেনের মা নুরজাহান জানান, তার ছেলে আলী হোসেন মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবীকা নির্বাহ করতো। বৃস্পতিবার বিকাল ৪টায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তার স্ত্রী ও দুই কন্যা রয়েছে।
আলী হোসেনের স্ত্রী মালেকা বেগম অন্য মোটরসাইকেল চালকদের উদ্ধৃতি দিয়ে জানান, ওই দিন সন্ধ্যায় তার স্বামী যাত্রী নিয়ে খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বৃহস্পতিবার রাতে আলী হোসেনের মা নুরজাহান বাদী হয়ে পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।


