একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের ওপর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ৫ মে রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে সকাল সোয়া ৯টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। মাঝে আধা ঘণ্টার বিরতি শেষে অ্যাটর্নি জেনারেল তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর আদালত রায়ের জন্য দিন ধার্য করেন।
দুই দফায় নিজামীর আপিল আবেদনের ওপর শুনানির জন্য সময় আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। গত ১০ এপ্রিল নিজামীর রিভিউ শুনানি পিছিয়ে ২ মে নির্ধারণ করা হয়।
বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এরপর ২৯ মার্চ রায় পুনর্বিবেচনার জন্য (রিভিউ) আবেদন করেন নিজামী।


