বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাল নোট বানানোর দায়ে ফাঁসি

Law-TOPজাল নোট তৈরির সরঞ্জাম ও একই নম্বরের ছয়টি পাঁচশ’ টাকার জাল নোট তৈরির অভিযোগে নীলফামারীতে এম এ বাদশা ঢালী নামে একজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত।

আদালতের বিচারক মো. মাহবুবুল আলম বুধবার এ রায় ঘোষণা করেন। রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল ইসলাম প্রামানিক জানান, নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ মুন্সিপাড়ার মৃত ওয়াহেদুন্নবীর ছেলে এম এ বাদশা ঢালী (৪৫) বিগত ২০১৪ সালের ২৭ জুলাই মধ্য রাতে ভাড়া বাসায় জাল নোট তৈরি করছিলেন। এ সংবাদ পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ ছয়টি পাঁচশ’ টাকার জাল নোট জব্দ করে।

এ ব্যাপারে উপ-পরিদর্শক রাশেদুজ্জামান বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় থানায় মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার উপ-পরিদর্শক এম আর সাঈদ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেয়া হয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আব্দুল ওহাব চৌধুরী।

আরও পড়ুন