পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহিদুল হকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক চলছে। আজ সকালে ঢাকায় আসা নিশা প্রথমে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এ বৈঠক শেষে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, ইউএসএআইডির কেন্দ্রীয় প্রশাসক, বাংলাদেশ প্রতিনিধিসহ উর্ধতন কর্মকর্তারা রয়েছেন। বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিকালে মার্কিন মিশনের কর্মকর্তাদের সঙ্গে টাউনহল মিটিং করবেন নিশা। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক সূচি রয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ঢাকাস্থ মার্কিন মিশন কর্মকর্তা জুলহাজ মান্নানকে কুপিয়ে হত্যার ঘটনায় দেশটির অব্যাহত উদ্বেগের মধ্যে ঢাকা সফরে এসেছেন নিশা দেশাই। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির টেলিফোন আলাপেই নিশাকে ঢাকায় পাঠানোর কথা জানিয়েছিলেন।


