বুধবার ৪ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ড বহাল থাকায় জাতি ন্যায়বিচার পেল

131412Mahbub-alomএকাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় জাতি ন্যায়বিচার পেল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন। নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আপিল বিভাগের দেওয়া তার মৃত্যুদণ্ড বহাল রয়েছে। রায়ের পর নিজের কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে এসে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এ রায়ে সারা জাতি স্বস্তি পাচ্ছে। পুরো জাতি স্বস্তি বোধ করছে। পুরো জাতির মতো আমরা আনন্দিত।

মাহবুবে আলম বলেন, মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন খারিজ হওয়ায় আমরা আনন্দিত। আমাদের বিশেষ প্রত্যাশা ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা নিজামী মৃত্যুদণ্ড বহাল রাখবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কারণ নিজমীর প্ররোচনা, উসকানি ও নির্দেশনায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের দায়ে দেশের সর্বোচ্চ আদালত তার দণ্ড বহাল রেখেছেন। এতে দেশের জনগণ এবং নিহতের স্বজনরা ন্যায়বিচার পেল।

তিনি বলেন, এই রায়ে বুদ্ধিজীবী হত্যার বিচার দেশবাসী পেল। নিজামী ছিলেন আলবদর বাহিনীর অন্যতম প্রেরণাদাতা, তার প্ররোচনায় বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে। দণ্ড কার্যকরে অনুসরণীয় প্রক্রিয়া তুলে ধরে মাহবুবে আলম বলেন, ওই রায়ের অনুলিপি কারাগারে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ জানতে চাইবেন- নিজামী রাষ্ট্রপক্ষের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা। যদি প্রাণভিক্ষা চান, তা রাষ্ট্রপতির ওপর নির্ভর করবে। না চাইলে দণ্ড কার্যকর হবে। সরকার দিনক্ষণ নির্ধারণ করে দণ্ড কার্যকর করবে।

আরও পড়ুন