নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে তর্কের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে- ইউএনও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন দলটির কর্মীরা। শুক্রবার সকাল ১০টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া স্কুল মাঠে এ ঘটনা ঘটে। ফেনীর জেলা প্রশাসক মো. আমিনুল আহসান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল সাড়ে ১০টায় হেলিক্প্টারে করে নৌমন্ত্রীর পরশুরামে আসার কথা ছিল। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতারা চিথলিয়া স্কুল মাঠে জড়ো হন।
সকাল ১০টার দিকে ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন ও উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদারের সঙ্গে ইউএনও এসএম রাকিব হায়দারের তর্ক হয়।
এক পর্যায়ে দুই নেতার উপস্থিতিতেই ইউএনও’র উপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। তারা ইউএনওকে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আহত ইউএনওকে উদ্ধার করে পরশুরাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে ফেনীর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান স্থলে পৌঁছান নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। পরে তিনি বিলনিয়া স্থলবন্দর পরিদর্শন করেন ও চিথলিয়া স্কুলের অনুষ্ঠানে যোগ দেন।
ইউএনওকে পেটানোর নেপথ্যের কারণ সম্পর্কে জানা গেছে, গত বুধবার মন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় অনুষ্ঠানের খরচ বাবদ ৯ লাখ টাকা যোগান দেয়া নিয়ে ইউএনও’র সঙ্গে ওই দুই নেতার বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার রেশ ধরেই ইউএনওকে মারধর করা হয় বলে জানায় স্থানীয় প্রশাসন সূত্র।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন ও তার অনুসারীরা শুক্রবার দুপুরে উপজেলার ধনিকুণ্ড এলাকায় ইউএনও এইচএম রকিব হায়দারকে মারধর করে বলে জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান।
রকিবকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. হাবিবুল করিম জানিয়েছেন।
জেলা প্রশাসক আমিন বলেন, সকালে বিলোনীয়া স্থলবন্দর পরিদর্শন ও একটি সমাবেশে অংশ নিতে পরশুরাম যাচ্ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ইউএনও রকিব হায়দার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ফেনী-পরশুরাম সড়কের ধনিকুণ্ড এলাকায় অপেক্ষা করছিলেন।
মন্ত্রী ঘটনাস্থলে আসার কিছুক্ষণ আগে ওখানে স্থানীয় একটি কিন্ডারগার্টেন উদ্বোধন উপলক্ষে মন্ত্রীকে স্বাগত জানাতে আওয়ামী লীগ নেতা তপনসহ নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন।
“ইউএনও ওই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় তপনকে সম্মান না করার অভিযোগ তুলে তিনি ইউএনওর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তপন ও তার অনুসারীরা ইউএনওকে প্রকাশ্যে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন,” বলেন জেলা প্রশাসক।
খবর পেয়ে প্রশানের কর্মকর্তারা ইউএনওকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।


