বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভোট সুষ্ঠু হয়েছে: সিইসি

Kazi+Rakibuddin+Ahmadনানান অনিয়ম, ভোটকেন্দ্র দখল, সহিংসতায় দেশের চারটি জেলায় এ পর্যন্ত ৫ জন নিহত হলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের দাবি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘চলমান ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৪৭টি জেলার ৭০৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে আমরা শুনেছি, কিছু ইউপিতে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ ইউপির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু স্থানে কালবৈশাখী ঝড় উপেক্ষা করেও ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন। মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।’

সিইসি আরো বলেন, ‘আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, অনিয়মের কারণে এখন পর্যন্ত ৫১টি ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তাদের সব রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি। রিপোর্টের ভিত্তিতে যদি অন্য কোনো ব্যবস্থাও নিতে হয়, তা নিতেও ইসি প্রস্তুত। আমরা সবসময় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘আমরা দেশব্যাপী নির্বাচন মনিটরিং করেছি, টিভির খবর মনিটরিং করেছি। এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সংঘর্ষ-গোলযোগ কিছুটা কমেছে। আশা করছি, সামনের দুই ধাপে কোনো গোলযোগ ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।’

সিইসি জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘণ করার দায়ে ৭৯ জনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্বাচনের আগে নরসিংদী, ফেনীতে প্রতিপক্ষকে হুমকি দেওয়ায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজশাহীর বাগমারায় ১৬টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ‘৬ হাজার ৭২৭টি ভোটকেন্দ্রের মধ্যে নির্বাচনী অনিয়মের কারণে ৫২টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। প্রতিবেদন পেলে আরো কেন্দ্র বাতিল করা হবে। তবুও কোনো অনিয়মের সঙ্গে আপোস করা হবে না।’

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে রকিব উদ্দিন আরো বলেন, ‘যেখানে সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের ধাপগুলোর চেয়ে চতুর্থ ধাপে সহিংসতায় নিহতের ঘটনা কমে এসেছে। আশা করি, সংস্কৃতির পরিবর্তন হোক, হানাহানি করার কোনো প্রয়োজন নেই। অভিযোগ দেওয়ার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল আছে, আপিল ট্রাইব্যুনাল আছে।’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা যাতে বাধার সম্মুখীন না হন, সেজন্য অনলাইনেও মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা নির্বাচন কমিশন দ্রুত চালু করবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আবু হাফিজ, শাহ নেওয়াজ, ইসি’র সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন