এসএসসির ফল জানা হল না ফাইয়াজের। বুধবার তার ফলাফল প্রকাশ হয়েছে। কিন্তু তার আগেই মঙ্গলবার রাতে চাচার ছুরিকাঘাতে খুন হন তিনি।
নিহত ফাইয়াজ এবার শ্রীমঙ্গল দি বাডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেয়। তিনি স্থানীয় ব্যবসায়ী শামীম মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সুরভিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় চাচার হাতে খুন হন ফাইয়াজ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে ফাইয়াজ আহমদের সঙ্গে তার চাচীর রাগারাগি হয়। পরে বিষয়টি জানতে পেরে ফাইয়াজের মা এলে তার সঙ্গে চাচির কলহ হয়। এতে ক্ষিপ্ত হয়ে ফাইয়াজের চাচা জাকারিয়া গালিগালাজ করে। এ সময় ফাইয়াজ প্রতিবাদ করলে চাচা ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে ফাইয়াজ ও তার মা আহত হয়।
তাদের গুরুতর অবস্থায় শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফাইয়াজ মারা যায়। চাচা জাকারিয়াকে আটক করে থানায় সোপর্দ করেছে পরিবারের লোকজন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চাচা জাকারিয়াকে আটক করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি।


